মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আলীকদমে চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ, আইনমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপিকে আধা-সরকারি (ডি.ও.) পত্র পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৮২ সালে আলীকদমে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বিচারিক ভবন নির্মাণ করা হলেও সেখানে এখনো নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়নি। ফলে উপজেলার বাসিন্দাদের বিচারিক সেবা নিতে জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।

দূরবর্তী এই যাতায়াতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দূরে গিয়ে বিচারিক সেবা নেওয়া বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, আলীকদমে সেনানিবাস, মডেল থানা ও বিজিবি ব্যাটালিয়নসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে। এ ছাড়া আগে নির্মিত আদালত ভবনটি প্রয়োজনীয় সংস্কার ও উপযোগী করার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম চালু করা সম্ভব হতে পারে।

এদিকে পরিবেশ ও সামাজিক সংগঠন ‘গ্রিন পলিসি মুভমেন্ট’-এর আহ্বায়ক মো. মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি বিবেচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।

জনস্বার্থ, ন্যায়বিচার এবং পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মানুষের দুর্ভোগ বিবেচনায় আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ কামনা করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার আবেদনের বিষয়ে গ্রিন পলিসি মুভমেন্টের সদস্যসচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন বন্ধু বলেন, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকার মানুষের ন্যায়বিচারপ্রাপ্তি সহজ করতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা চালু করা জরুরি। আদালতটি পুনঃপ্রতিষ্ঠা ও কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার জন্য তাঁরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর