মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনের ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার,নাটোর
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা থানা-পুলিশের একটি দল থানা পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মো. সোহরাব হোসেনের বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলডাঙ্গার সর্দার পাড়ার মাহাতাব হোসেনের ছেলে মো. রাব্বি (২৩) এবং থানা পাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহরাব হোসেন (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তাঁদের শরীরে হেরোইন সেবনের উপস্থিতি শনাক্ত হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

পরে তাঁদের নলডাঙ্গা, নাটোরের আমলি আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নাটোরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয় বলে জানানো হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর