ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লোহাটেক গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সিরাজ মাতব্বর (৫০), লিমন শিকদার (২২), আরিফ শেখ (১৫), রায়হান শেখ (৩৫) ও সুমি আক্তার (২০)। তাঁদের মধ্যে সিরাজ মাতব্বর, লিমন শিকদার, আরিফ শেখ ও রায়হান শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আহত সুমি আক্তার চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লোহাটেক গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনে থাকা পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোবাইক ও মোটরসাইকেলটি জব্দ করে।
এই বাংলা/এমএস