বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার,বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুবীর দত্ত, রাম নারায়ণ কানু, শ্রী গণেশ ও দুলাল চন্দ্র অধিকারীসহ অনেকে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর