ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, বিদ্যুৎ সরবরাহ ও অগ্নিনিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মণ্ডপে সিসিটিভি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নামাজের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও উচ্চ শব্দ বন্ধ রাখা, মণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া পূজা চলাকালে দর্শনার্থীদের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সার্বক্ষণিক নজরদারি রাখার বিষয়েও আলোচনা করা হয়।
এ বছর ঝালকাঠি জেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭২টি, নলছিটি উপজেলায় ২২টি, রাজাপুর উপজেলায় ১৯টি এবং কাঠালিয়া উপজেলায় ৪৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াত ইসলামির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এই বাংলা/এমএস