নাটোরের নলডাঙ্গায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. স্বপন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার স্বপন নলডাঙ্গা থানার ধামনপাড়া গ্রামের মৃত কোরমান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) নলডাঙ্গা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ-পূর্ব কোণে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ গ্রাম ওজনের ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এই বাংলা/এমএস