চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ ও সামাজিক সমস্যা বাড়ছে বলেও দাবি করেন তারা। বক্তারা বলেন, মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত সোমবার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।
বক্তাদের দাবি, ঘটনার বিষয়ে ইউপি সদস্য রাতে থানায় অভিযোগ দিতে গেলে থানার সামনেই তাকে মারধর করা হয়। এ ছাড়া সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে কথা বললে তাদেরও হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য ইউসুফ আলী, ভুক্তভোগী পলাশ আলী, পলি বেগম, জলিল আলী, মনিরুল ইসলামসহ অন্যরা। এতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস