বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দৌলতপুরের কলিয়া বাজারে সার নিতে কৃষকদের ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে সার নিতে ভিড় করেছেন বিপুলসংখ্যক কৃষক। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে পুলিশি নিরাপত্তায় সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

কলিয়া বাজারে অবস্থিত সরকার অনুমোদিত বিসিআইসি রাসায়নিক সার ডিলার মেসার্স রাজ্জাক অ্যান্ড কোং-এর গুদামে এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আঃ রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে সকাল থেকেই গুদামের সামনে বিপুলসংখ্যক কৃষক জড়ো হন। চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে কৃষকদের মধ্যে হাতাহাতির উপক্রম হলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা করেন। পরে পুলিশি নিরাপত্তায় কৃষক ও সাব-ডিলারদের মধ্যে সার বিতরণ কার্যক্রম চালানো হয়।

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মো. সালাউদ্দিন সেলিম, কলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন, সদস্যসচিব মো. কবির হোসেন এবং দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য মো. জুলহাস হোসেনসহ স্থানীয়রা।

এ ছাড়া দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

গুদাম ম্যানেজার মো. আশিক জানান, গুদামে ডিএপি সারের মোট ১ হাজার ৩৩৫ বস্তা এবং টিএসপি সারের ৩২০ বস্তা মজুত ছিল। এর মধ্যে উপজেলার ৯টি ওয়ার্ডের সাব-ডিলারদের কাছে ৬৩০ বস্তা ডিএপি ও ১২৩ বস্তা টিএসপি সার সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, বিসিআইসি কলিয়া বাজার থেকে বরাদ্দ পাওয়া সার শতভাগ বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে বরাদ্দ পাওয়া গেলে তা যথাযথভাবে বিতরণ করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর