মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ভোলায় শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান। মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
অভিযান সফল করতে ভোলা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নদ-নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
নিষেধাজ্ঞার ২২ দিন যাতে জেলেরা নদীতে মাছ শিকারে না যান, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট জেলে পরিবারের মধ্যে বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে।
প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধে নদ-নদী ও বাজারগুলোতে কঠোর নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ইলিশের উৎপাদন ও প্রজনন সক্ষমতা বাড়বে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের পাশাপাশি জেলে ও সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন।
এই বাংলা/এমএস