নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫), পিতা মৃত পঁচাই মন্ডল, সাং হাতিয়ানদহ, থানা সিংড়া; অটোরিকশার যাত্রী মো. আব্দুল জলিল (৪৫), পিতা মৃত আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল, সাং লালমনিপুর ভাঙ্গা পাড়া; তাঁর স্ত্রী মোছা. জহুরা খাতুন (৩২) এবং মোটরসাইকেলচালক মো. ইমতিয়াজ আলী (২৭), পিতা মো. দেলবার হোসেন, সাং রামসার কাজীপুর, থানা নলডাঙ্গা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের সেখানে ভর্তি করা হয়। বর্তমানে চারজনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহনই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে পুলিশের নজরদারি অব্যাহত আছে।
এই বাংলা/এমএস