সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে দিগলকোনা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের একটি চালান দেখতে পান বিজিবি সদস্যরা।

পরে ওই স্থান থেকে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

তবে অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা কসমেটিকসের বিষয়ে সোমবার (৫ অক্টোবর) আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

৩৫ বিজিবি জামালপুরের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর