আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঁঠালিয়া থানার হলরুমে এ সভার আয়োজন করা হয়। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, কাঁঠালিয়া উপজেলা পূজা ফোরামের আহ্বায়ক তপন হাওলাদার ও সদস্য সচিব শিশির হাওলাদার।
এ সময় উপজেলার ৪৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার মোট ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়।
কাঁঠালিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস