বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা দল রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
এ সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ অন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে সভাপতির শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মো. তাজ উদ্দিন খাঁন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম।
সভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস