আগামী সোমবার (৫ অক্টোবর) শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। রাজশাহী টেনিস কমপ্লেক্সে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।
লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এবারের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।
তিনি জানান, বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের থাকার জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব হোটেল ও মোটেল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, আগামী ৪ অক্টোবর কোয়ালিফাইং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন ও মূল পর্বের খেলা শুরু হবে। ১০ অক্টোবর সকাল ৯টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকেরা জানান।
টুর্নামেন্টের খেলাগুলো দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু-কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশ নেবেন।
বালক এককে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। বালিকা এককে শীর্ষ র্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা, তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২ হাজার ৪৫।
টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন।
রাজশাহীর পাঁচজন খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নেবেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।
আয়োজকেরা বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসারের পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট সফল করতে পরিচালনা কমিটির সদস্যরা কাজ করছেন।
টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে তিনি আনন্দিত। আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি দায়িত্ব পালন করবেন বলেও জানান।
এই বাংলা/এমএস