পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জু মোল্লা, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ছোবাহান মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ সুবিধার পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিও চালু রয়েছে।
বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে এসব সুযোগ কাজে লাগিয়ে মৎস্য চাষ, গবাদিপশু পালন ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তারা আরও বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হতে হবে। কৃষি ও উৎপাদন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়লে দেশ আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস