বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন রেজাউল করিম। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো বিষয়ে ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

খবর পেয়ে পঞ্চগড় থানা-পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর