মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সংযোগ-সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সুশাসন ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ‘সংযোগ ও সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে এবং ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ (ECSAP) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, সমাজসেবা অফিসার মো. ইলিয়াস হাসান শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সুশাসন ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর (CSO) সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য প্রশাসনের সঙ্গে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক কাজের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, নাগরিক সংগঠনগুলোর সঙ্গে স্থানীয় প্রশাসনের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে নাগরিক পরিসর সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণও আরও বাড়ানো যায়।

সভায় স্থানীয় পর্যায়ে প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর