মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

৭৮ লাখ টাকার সেতু নির্মাণ শেষ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে রাজারহাটের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপর ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার দীর্ঘ একটি সেতু এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। মূল সেতুর নির্মাণকাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি অনেকটা অচল অবস্থায় পড়ে রয়েছে।

২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। পরবর্তীতে মূল সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থেকে যায়।

স্থানীয়দের দাবি, সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় রাজারহাট উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের অন্তত আটটি গ্রামের কয়েক হাজার মানুষকে বিকল্প পথে প্রায় তিন কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বেড়েছে।

এদিকে সেতু নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ঠিকাদার মো. মোকছেদুল হক বলেন, এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করা হবে।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঠিকাদারকে এখনো পুরো বিল পরিশোধ করা হয়নি। চলতি মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করা না হলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়েও চিঠি দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করে সেতুটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক। এতে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর