রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুল, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা ও মিরপুর-১৩ এলাকায় অবৈধ নির্মাণ এবং আবাসিক ভবনে নিয়মবহির্ভূত বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজউকের জোন-৩/২-এর উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও জোন-৩/২-এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান পরিদর্শক ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
রাজউক জানায়, অভিযানে সংশ্লিষ্ট এলাকায় মোট ছয়টি ভবন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি আবাসিক ভবনে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়।
অন্য একটি ভবনের মালিকের কাছ থেকে নির্ধারিত এক মাসের মধ্যে আবাসিক অংশ খালি করার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
এ ছাড়া নকশাবহির্ভূত ও নিয়মবহির্ভূতভাবে নির্মিত কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সহায়তায় বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভবনগুলোর বৈদ্যুতিক মিটার ডেসকো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং নগর পরিকল্পনা সুশৃঙ্খল রাখতে অবৈধ নির্মাণ ও আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস