মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকেরা সেখানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ কৃষকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

কয়েকজন কৃষক অভিযোগ করেন, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ শুরু হয়।

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. শামসুল আলম বলেন, সারের জন্য কৃষকদের চাপ অনেক বেশি। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টার আগেই কৃষকেরা তাড়াহুড়া শুরু করলে একপর্যায়ে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে প্রচুর কৃষক উপস্থিত হওয়ায় কিছুটা পরিস্থিতি সামাল দিতে সমস্যা হয়। পরে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকের চাপ বেশি থাকায় ডিলারের লোকজন বিতরণ শুরু করতে পারেননি। দেরি হওয়ায় কৃষকেরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর