সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার বথুয়াবাড়ি নৌকা বাইচ মেলা সফল করতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় শেরপুর উপজেলার চৌবাড়ি বাজারে বথুয়াবাড়ি বাজার ও চৌবাড়ি বাজারের যুবসমাজের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেলা কমিটির সভাপতি জয়নাল আলী, শেরপুর পৌর বিএনপির সহসভাপতি ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম মণ্ডল, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বথুয়াবাড়ি নৌকা বাইচ মেলাকে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তবিবুর রহমান তবি বলেন, বথুয়াবাড়ির ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংস্কৃতি ও বিনোদনের অন্যতম আকর্ষণ। মানুষের চাহিদা ও অংশগ্রহণের মধ্য দিয়ে মেলাটি দীর্ঘদিন ধরে ঐতিহ্য ধরে রেখেছে। তাই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে মেলা সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সুধীজনও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বথুয়াবাড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলার সফল আয়োজন কামনা করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর