‘সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসচেতনতার বিকল্প নেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় তিন দিনব্যাপী ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা সদরে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ে পুষ্টিবিষয়ক সচেতনতা ও তথ্য পৌঁছে দিতে শিক্ষক, ইমাম, ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী, কৃষক ও নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অপুষ্টি মোকাবিলায় শুধু পর্যাপ্ত খাবার গ্রহণ নয়, সঠিক পুষ্টি সম্পর্কে জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে পুষ্টিসচেতনতা বাড়াতে হবে।
তারা বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারবেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ।
তিন দিনব্যাপী কর্মশালায় সুষম খাদ্য, শিশু ও মাতৃপুষ্টি, ভেজালমুক্ত খাদ্য নির্বাচন, খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাবারের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই বাংলা/এমএস