দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ময়মনসিংহ জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে জেলা পুলিশের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভায় দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ময়মনসিংহ জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস