রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধারের টাকা ফেরত চাওয়ায় আনসার-ভিডিপি দলনেতাকে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক আনসার-ভিডিপি ওয়ার্ড দলনেতাকে ধারালো হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে ধাওয়া করে হত্যার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আনসার-ভিডিপি ওয়ার্ড দলনেতা মো. মিজানুর রহমান (৩৩) বাদী হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) নলডাঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন পূর্ব মাধনগর মৃধাপাড়া গ্রামের মো. মফিজ সরকারের ছেলে মো. শরিফ সরকার (৪৫) ও তার স্ত্রী মোছা. মানছুরা বেগম (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সাংসারিক প্রয়োজনের কথা বলে শরিফ সরকার ও মানছুরা বেগম দুই মাসের জন্য মিজানুর রহমানের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। মিজানুর এনজিও থেকে ঋণ নিয়ে তাদের ওই টাকা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা টালবাহানা করছিলেন বলে দাবি করেন মিজানুর।

অভিযোগে আরও বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মিজানুর পূর্ব মাধনগর গ্রামের কদমতলি ঈদগাহ মাঠসংলগ্ন অভিযুক্তদের টং দোকানে গিয়ে পাওনা টাকা ফেরত চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মানছুরা বেগম বাঁশের লাঠি এবং শরিফ সরকার ধারালো হাসুয়া নিয়ে তাকে ধাওয়া করেন বলে অভিযোগ করেন মিজানুর।

প্রাণভয়ে দৌড়ে পালিয়ে মিজানুর নিজেকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয় বিএনপি নেতা লোকমান হোসেন ওরফে ভুলু, আছির সরদার, আনোয়ার হোসেনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা অভিযুক্তদের ডাকলেও তারা উপস্থিত হননি বলে অভিযোগ করেন মিজানুর।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার না পাওয়ায় এবং পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাওনা টাকা উদ্ধারের পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর