শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পুত্রবধূকে আঘাতে বাধা, স্ত্রীকে কুপিয়ে আহতের অভিযোগ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ছেলের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে বাধা দেওয়ায় নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রওশন আরা (৪২) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেল চাকরি হারান বলে জানা গেছে। এ বিষয় নিয়ে তার বাবা নুরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন।

এরই জেরে শুক্রবার সকালে রাসেলের প্রথম স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে পুত্রবধূকে আঘাত করতে গেলে স্ত্রী রওশন আরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ করা হয়েছে।

পরে নুরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে সরাসরি বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এদিকে প্রতিবেশীরা গুরুতর আহত রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রওশন আরার ভাই জরিফ উদ্দিন অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তার বোনকে পরিকল্পিতভাবে কোপানো হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় রওশন আরার ভাই জরিফ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর