শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বন্দরের আয় বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার পাশাপাশি সার্বিক অপারেশনাল কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (প্রশাসন), প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স), পরিচালক (বোর্ড), ঊর্ধ্বতন উপব্যবস্থাপক ও উপপরিচালক (জনসংযোগ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সিবিএ নেতারা শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, বঞ্চনা ও যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়টি চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। বিশেষ করে মাঠপর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় বন্দর কর্তৃপক্ষ কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

বৈঠকে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব রয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বন্দরের রাজস্ব ও আয় বৃদ্ধির সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপচয় রোধ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। এ কাজে সিবিএ নেতাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সিবিএ নেতাদের সঙ্গে এ বৈঠকে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের দাবি ও বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর