বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় উপজেলার মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ২ জন বাঙালি এবং ৫৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় ১৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হবে।
দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা পাওয়ায় রোগী ও স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের মানবিক কার্যক্রমের জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস