বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃতের ভাই ও তহশিলদার মো. মিজানুর রহমান। এ সময় পরিবারের আট ভাই-বোনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান দাবি করেন, তাঁর ছোট ভাই কামরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ভবঘুরে জীবনযাপনের কারণে তিনি নেশার টাকা জোগাতে নিজের অংশের প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেন। পরবর্তী সময়ে অর্থের জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি।

মিজানুর রহমান আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে কামরুজ্জামান তাঁর আরেক ভাই বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তাঁর দাবি, ওবায়দুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির রাজনৈতিক অনুসারী হওয়ায় কামরুজ্জামান নেশাগ্রস্ত অবস্থায় প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ভিডিও প্রচার করেন। পরিবারের পক্ষ থেকে ভিডিওটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করা হয়।

মিজানুর রহমান জানান, লাইভ ভিডিও প্রচারের কয়েক দিন পর গত ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে কামরুজ্জামানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৬ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, কামরুজ্জামানের অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল তাঁদের সম্মানহানির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর