বাগেরহাটের মোংলায় ১২০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোয়াখালীর সেনবাগ থানার বিষ্ণুপুর গ্রামের মৃত রহমতুল্লাহ ফোরম্যানের ছেলে কামাল হাওলাদার (৪০), মোংলার বৈদ্যমারী এলাকার আলী আকবর জমাদ্দারের ছেলে মো. নুর আলম জমাদ্দার (২২) এবং নীলফামারী সদর উপজেলার পশ্চিম পুকুরপাড়া গ্রামের আইনুল হকের মেয়ে আঞ্জুমা আক্তার (২৫)। আঞ্জুমা বর্তমানে মোংলা পোর্ট পৌরসভার টিএ ফারুক স্কুলের পাশের একটি ভাসমান বসতিতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস