বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডিমলায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় বালক ও বালিকা দল অংশ নেয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিমলা মিনি স্টেডিয়াম, খগারহাটে ডিমলা থানা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় ডিমলা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।

অনুষ্ঠানে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) দিবাকর, খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথনসহ থানা পুলিশের সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করবে।

স্থানীয়রা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।

ডিমলা থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে ডিমলায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দলকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর