বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। সড়কে পানি ওঠায় সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা দুর্ভোগে পড়েছেন।

এদিকে খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুর এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে যায়। এসব এলাকার বেশ কিছু বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। তবে সকালে বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি শহরের বন্যাদুর্গত মানুষের মধ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর