বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, বাইসাইকেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গি ইউনিয়নের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স ও ছাতা। এ ছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবী ২২ শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার। প্রধান অতিথি ছিলেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম, বুড়িরডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল পাওয়ায় প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ে নিয়মিত যাতায়াতে সহায়তা হবে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল যাতায়াত সহজ করবে।

এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর