বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডিমলা সীমান্তে ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ ১ লাখ ৫২ হাজার টাকাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার তেলিয়াপাড়া মোড়ে অবস্থান নেয় বিজিবির সদস্যরা।

বিজিবি জানায়, ওই স্থানটি ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। সেখানে একটি চক্র ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২১ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুল ব্যাগ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির দাবি, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সবুর উদ্দিন।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীর নাম-ঠিকানা পাওয়া গেছে বলে দাবি করেছে বিজিবি। তারা হলেন মো. মোকলেস হোসেন, পিতা মৃত মুনতাহা এবং মো. জহির উদ্দিন (জুয়েল), পিতা মো. গহের। তাদের বাড়ি ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকায়।

আটক মোস্তাকিমকে উদ্ধার করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর