সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে হায়দার আলী নামে এক কৃষকের আটটি গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ২টার পর কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গোয়ালে থাকা আটটি গরু নিয়ে তারা পালিয়ে যায়।
সকালে গোয়ালঘরে গিয়ে গরুগুলো না পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক হায়দার আলী। তিনি জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয়রা জানান, গত মাসেও উপজেলার তিন কৃষকের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় এলাকার কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এই বাংলা/এমএস