রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বন্ধ ইউনিটটি সচল করতে অন্তত চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ত্রুটির আগে কেন্দ্রটির দুই ইউনিট থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ইউনিটটি বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে প্রকৌশলী ও টেকনিশিয়ানরা কাজ করছেন। ত্রুটি মেরামতের পর ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত চার দিন সময় লাগতে পারে।

তিনি জানান, কেন্দ্রটিতে বর্তমানে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। জ্বালানি সংকটের কারণে ইউনিটটি বন্ধ হয়নি বলেও জানান তিনি।

একটি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এর ফলে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকট বা লোডশেডিং হবে কি না, তা নির্ভর করবে ওই সময়ের মোট বিদ্যুৎ চাহিদা, অন্যান্য কেন্দ্রের উৎপাদন এবং গ্রিড ব্যবস্থাপনার ওপর।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। একটি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটির উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ সাময়িকভাবে কমে গেছে। ত্রুটির কারণ নির্ধারণ এবং মেরামতের পরই ইউনিটটি কবে নাগাদ পুরোপুরি উৎপাদনে ফিরবে, তা নিশ্চিত হওয়া যাবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর