ঝালকাঠিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে বিশেষ গুরুত্ব দিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক পুরোপুরি নির্মূলের পথে প্রতিবন্ধকতা ও এর মূল কারণগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব, সক্ষমতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদকের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তথাকথিত ‘গডফাদার’দের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
তিনি মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সভায় জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস