শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে কর্মক্ষেত্র, বাসাবাড়ি, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা প্রতি শনিবার নিজ নিজ দপ্তর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন। জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি, মাইকিং, প্রচার-প্রচারণা, সভা-সেমিনার ও আলোচনা সভাসহ স্থানীয়ভাবে উপযোগী কর্মসূচি নেওয়া হবে।

ইউএনও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে। প্রতি শনিবার পরিচালিত কার্যক্রমের তথ্য ও ছবি সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর