শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি (৫৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার পুলক চ্যাটার্জির স্ত্রী তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে বিষয়টি সমকালের বর্তমান অফিসপ্রধান সুমন চৌধুরীকে জানান। পরে সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে গিয়ে দেখেন, প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাঁর মরদেহ উদ্ধার করে।

সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরে ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও জানান তিনি।

সুমন চৌধুরী আরও জানান, সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে পুলক চ্যাটার্জি মাঝেমধ্যে সমকাল কার্যালয়ে এসে বসতেন ও পত্রিকা পড়তেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে কার্যালয়ে প্রবেশের জন্য তাঁকে একটি চাবিও দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো এক সময় ওই চাবি দিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় কার্যালয়ের পিয়ন দীপক ছুটিতে থাকায় সেখানে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না বলে জানান সুমন চৌধুরী।

পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর