শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠিতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

উদ্বোধনকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ড্রেন, নালা ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করা হবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতার পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য শহরের বিভিন্ন ড্রেন ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ কার্যক্রম চলমান থাকবে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে।

এ সময় নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর