সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে স্থায়ী কমিটি সক্রিয় করার তাগিদ

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের আইনগত সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ত্রৈমাসিক লবি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুলতানা জাহান বকুল। সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজাম। এতে নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।

সভায় ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ; আইনশৃঙ্খলা রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত তিনটি কমিটির কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় নারী নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, মাদক ও সামাজিক বিরোধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জন্মনিবন্ধন সহজ ও হয়রানিমুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ কাজ করতে চায়। অনগ্রসর জনগোষ্ঠীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের (ব্রেড) সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, শুধু কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হয় না। জনগণের অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করতে এসব কমিটিকে নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

খ্রিস্টান এইড ও আমরাই পারি’র সহযোগিতায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) সভাটির আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর