কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ ও খোলাবাজারে সার বিক্রির দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকেরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১টার দিকে ব্রিজপাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সারঘরে সার বিতরণ শুরু হয়। বিপুলসংখ্যক কৃষক সার নিতে সেখানে জড়ো হন। এ সময় সার না পাওয়ার আশঙ্কা এবং খোলাবাজারে সার বিক্রির দাবিতে কিছু কৃষক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনসহ উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। পরে খোলাবাজারে সার বিক্রির আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
এ সময় উপস্থিত কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ৯৫ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১৫৭ বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) বিতরণ করা হয়।
কয়েকজন ক্ষুব্ধ কৃষক বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও সার পাওয়া যায় না। সার নিতে গেলে পুরো দিন চলে যায়। বর্তমানে একজন শ্রমিকের এক দিনের পারিশ্রমিক ৭০০ টাকা। খোলাবাজারে সার বিক্রি করা হলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সার পাওয়া যাবে।
ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, “আজ সোনাহাট ইউনিয়নের চার ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কৃষক সেখানে উপস্থিত হন। তারা উত্তেজিত হয়ে আমাকে ঘিরে ধরেন এবং সড়ক অবরোধ করেন।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, “সারের জন্য ক্ষুব্ধ কৃষকেরা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ তাকে উদ্ধার করে। পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়।”
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ সন্ধ্যায় বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খোলাবাজারে সার বিক্রির বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা চলছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালানো হবে।”
এই বাংলা/এমএস