ফরিদপুরের চরভদ্রাসনে শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের পুরোনো সরকারি খালটি দীর্ঘদিন ধরে দখল করে ভরাটের অভিযোগ ওঠে স্থানীয় সায়েদ মোল্লার বিরুদ্ধে। অভিযানের খবর পেয়ে তিনি বাড়ি থেকে চলে যান। পরে ফোনে যোগাযোগ করে তাকে ঘটনাস্থলে উপস্থিত করার চেষ্টা করা হলেও তিনি সেখানে আসেননি।
অভিযানকালে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিংয়ের বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এসব মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা দিপু খান ১০ হাজার টাকা নগদে মালামালগুলো কিনে নেন। তিনি পাঁচ দিনের মধ্যে এসব মালামাল সরিয়ে খালটি অবমুক্ত করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
অভিযান শেষে ব্রিফিংয়ে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, খাল দখলের অভিযোগ পাওয়ার পর সায়েদ মোল্লাকে সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে ভরাট করা বালু নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিনের সময় দেওয়া হয়। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তিনি কোনো মালামাল সরিয়ে নেননি। বরং আরও বালু ফেলে খালটি দখলের চেষ্টা করেন।
ইউএনও বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাল ভরাট অব্যাহত রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে দখলে ব্যবহৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি খাল ও সম্পত্তি দখল করে রাখার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
শত বছরের পুরোনো খালটি দখলমুক্ত করার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা খাল উদ্ধারে উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করে প্রশাসনকে ধন্যবাদ জানান।
এই বাংলা/এমএস