মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আব্দুল মোতালেব নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় টয়লেট থেকে বের হওয়ার সময় ওই ছাত্রীকে ভেতরে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক মো. আব্দুল মোতালেব। এ সময় ছাত্রী চিৎকার করলে শিক্ষক সেখান থেকে সরে যান। পরে ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের অন্যদের জানায়। ছুটির পর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছেও ঘটনাটি জানায় সে।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানার পর থানায় যাওয়ার উদ্যোগ নেওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় এক মাদরাসাশিক্ষক ঘটনাটি মীমাংসার কথা বলেন। পরে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে তাদেরও ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে পরিবার।

রাতে বিষয়টি কুড়িগ্রামের পুলিশ সুপারকে জানানো হয়। তাঁর নির্দেশে রাত দেড়টার দিকে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক মোতালেবকে আটক করে। পরে ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মাকেও থানায় নেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস আগে তাঁর মেয়ের দিকে ওই শিক্ষক কুনজরে তাকানোর অভিযোগ উঠেছিল। বিষয়টি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানানো হলেও তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ওই শিক্ষক যা করেছে, এটা অন্যায়। আমি এর সর্বোচ্চ বিচার চাই।”

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর