হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জিপ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমান বাহিনীর তিন সদস্য নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কুইক রেসপন্স ফোর্স (QRF)-এর দায়িত্ব পালনকালে সাত সদস্যকে বহনকারী বিমান বাহিনীর জিপটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) নিয়ে যান।
সিএমএইচের কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর চার সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় নিহত তিন সদস্যের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
জানাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় তাঁদের দাফনকার্য সম্পন্ন করবে।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহত সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এই বাংলা/এমএস