নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে নাটোর স্টেশন বাজার জামে মসজিদের সামনে ‘বিসমিল্লাহ খেজুর হাউজ অ্যান্ড ভ্যারাইটি স্টোর’-এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মিঠু (৩০) এবং মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. সাকিব হাসান (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠু ও সাকিবকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা রাজশাহী থেকে ওই মাদক সংগ্রহ করে ট্রেনযোগে জয়পুরহাটে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
এই বাংলা/এমএস