শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নিটারে ক্যারিয়ার ও লিংকডইন নেটওয়ার্কিং নিয়ে এলসিবির বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার প্রস্তুতিতে সচেতন করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লিংকডইন নেটওয়ার্কিং, ব্যক্তিগত ব্র্যান্ডিং ও ক্যারিয়ার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (এলসিবি) প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং এলসিবির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ শিক্ষার্থীদের জন্য পৃথক সেশন পরিচালনা করেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের পেশাগত জীবনের শুরু থেকেই কার্যকর নেটওয়ার্ক তৈরি, নিজেদের দক্ষতা উপস্থাপন এবং ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু ও উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।

আলোচনা পর্বে মো. আলতাফ হোসেন রাজু লিংকডইনের কার্যকর ব্যবহার, পেশাগত যোগাযোগ এবং ক্যারিয়ার গঠনে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নিটারে অনুষ্ঠিত সেশনটি তাঁর ২৩৩তম সেশন। বর্তমানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের সঙ্গে প্রায় ৫২ হাজার অনুসারী যুক্ত রয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে পাওয়া প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। কারণ শিক্ষাজীবনে পাওয়া সুযোগ ও সময় পরবর্তী সময়ে একইভাবে ফিরে আসে না।

এলসিবির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ তাঁর সেশনে ব্যক্তিগত পরিচিতি, পেশাগত নেটওয়ার্কিং ও ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই কীভাবে একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে পারেন, সে বিষয়ে তিনি বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আসফাক অর্ণব ও ইমতিয়াজ উদ্দিন খান।

পরে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইনকে ঘিরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও পেশাগত জীবনে নেটওয়ার্কিংয়ের প্রভাব তুলে ধরেন।

আলোচনা ও দিকনির্দেশনা পর্ব শেষে অতিথিদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ফটোসেশনের মধ্য দিয়ে নিটারের ১৬তম ব্যাচের এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর