নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় চলনবিলের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা ৬৯টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকেই অসাধু চক্র মা মাছ ও পোনা মাছ শিকারে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করছে। এ ধরনের জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চলনবিলের মাছের প্রজনন, জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস