বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে পতাকা উত্তোলন হয়নি অধিকাংশ সরকারি দপ্তরে

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বেশ কয়েকটি সরকারি দপ্তরে পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা সদরে সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, সমাজসেবা, প্রাণিসম্পদ, মৎস্য, মাধ্যমিক শিক্ষা, খাদ্য, কৃষি, পরিসংখ্যান এবং সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা দেখা যায়নি।

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই ভবনে থাকা সমবায়, আনসার-ভিডিপি, তথ্য, প্রকল্প এবং পৌর প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়গুলোও ওই ভবনের আওতাধীন হওয়ায় সেখানে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও ধর্মীয় বিশেষ উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব। একই উপজেলা সদরে একাধিক সরকারি কার্যালয়ে পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি দায়িত্ব পালনে গাফিলতির প্রশ্ন তুলেছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের কথা রয়েছে। কোনো সরকারি দপ্তরে পতাকা উত্তোলন না হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা প্রত্যেক সরকারি দপ্তরের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর