শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও দুই পুত্রকে কুপিয়ে জখম, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করার অভিযোগে রাজা ফকির (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কচুয়া বাজারের চা দোকানি সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) এবং তাঁর দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তী (১৮)। আহতদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সমির চন্দ্র চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চায়ের ব্যবসা করে আসছেন। শুক্রবার দুপুরে একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির তাঁর দোকানে চা খেতে আসেন। চা খাওয়ার পর তিনি দোকানির কাছে সিগারেট চান। দোকানে সিগারেট নেই জানালে অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন রাজা। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজা ফকির চা দোকানি সমির চন্দ্র চক্রবর্তীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি তাঁর দুই ছেলে শুভ ও লিখনকে জানান।

এরপর সমির চন্দ্র চক্রবর্তী তাঁর দুই ছেলেকে নিয়ে রাজার কাছে মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে রাজা ফকির চাকু দিয়ে সমির ও তাঁর দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমির চন্দ্র চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর রাজা ফকিরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় রাজা ফকির নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর