বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বহুল কাঙ্ক্ষিত সেতু নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল কচুয়া ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ‘রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ’-এর আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান রুবেল।
ঝালকাঠি ও বরগুনা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর ওপর কচুয়া-বেতাগী সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি। স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “কচুয়া-বেতাগী সেতু বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জনগণের সুবিধার্থে দ্রুততম সময়ে প্রকল্পটি এগিয়ে নিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার শরীফ খান ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, আহ্বায়ক মো. আশিকুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া ‘রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ’-এর নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্য ও আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিষখালী নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এই বাংলা/এমএস